রায়গঞ্জে প্রেমিকের অস্বীকৃতি, বিয়ের দাবিতে বিষের বোতল হাতে তরুণীর অনশন, এলাকায় চাঞ্চল্য।
পাঁচ মাসের গভীর প্রেমের সম্পর্কের পর প্রেমিক বিয়েতে অস্বীকৃতি জানানোয় মানসিকভাবে ভেঙে পড়া এক তরুণী বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন। বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়ির সামনে তার এই অবস্থান স্থানীয়ভাবে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
ভুক্তভোগীর অভিযোগ: রায়গঞ্জের সিমলা এলাকার বাসিন্দা ওই তরুণী অভিযোগ করেছেন, প্রায় পাঁচ মাস ধরে স্থানীয় হালিমা মেম্বারের ছেলে তারেক বিশ্বাস (পিতা: আমির বিশ্বাস) এর সঙ্গে তার ঘনিষ্ঠ প্রেমের সম্পর্ক ছিল। তরুণীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়েই তারেক একাধিকবার (৫ থেকে ৬ বার) তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এই সম্পর্কের কথা উভয় পরিবারের লোকজনই অবগত ছিলেন বলেও তিনি জানান।
তরুণীর অভিযোগ, সম্প্রতি তারেক বিশ্বাস হঠাৎ করেই তাকে বিয়ে করতে অস্বীকার করেন। এই সিদ্ধান্তের পর থেকেই সে এলাকা থেকে পলাতক রয়েছে। হঠাৎ সম্পর্ক ভেঙে যাওয়ায় এবং প্রতারিত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই তরুণী। ন্যায়বিচারের দাবিতে এবং বিয়ের প্রতিশ্রুতি পূরণের জন্য তিনি বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসে পড়েন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনরা ছুটে আসেন এবং তাকে বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।